কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, জানা যাবে শুক্রবার

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, জানা যাবে শুক্রবার

সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে দলটি। জানা গেছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

কলকাতায় আগামী শুক্রবার (৮ মে) বিজেপির বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে। জানা গেছে, দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ তা ঘোষণা করবেন।

বৈঠকের পর অধিকারীসহ শীর্ষ নেতারা রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। পরদিন শনিবার (৯ মে) শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যা ‘রবীন্দ্র জয়ন্তী’র দিন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

২০২১ সালে নন্দীগ্রামের পর ২০২৬ সালের নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রীকে পরাজিত করে নিজের রাজনৈতিক গুরুত্ব প্রমাণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিজেপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তার পেছনে তার বলিষ্ঠ নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে।

বিজেপির এই জয়ের ফলে পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটতে চলেছে। এখন সবার নজর শুক্রবারের বৈঠকের দিকে, যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।

সূত্র: এনডিটিভি