স্পেন-ফ্রান্স সেমিফাইনালে রেফারি এল সালভাদরের ইভান বার্টন

স্পেন-ফ্রান্স সেমিফাইনালে রেফারি এল সালভাদরের ইভান বার্টন

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা এল সালভাদরের রেফারি ইভান বার্টনকে।

৩৫ বছর বয়সী বার্টন চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ পরিচালনা। মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিতব্য সেমিফাইনালে তিনিই প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বার্টন প্যারাগুয়ের ১-০ গোলে তুরস্ককে হারানোর ম্যাচ এবং জাপান-সুইডেনের ১-১ ড্র ম্যাচ পরিচালনা করেন। এছাড়া শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেন, যেখানে টাইব্রেকারে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড।

এই সেমিফাইনাল ম্যাচে ফিফা ঘোষিত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন—

প্রধান রেফারি: ইভান বার্টন (এল সালভাদর)

সহকারী রেফারি: ডেভিড মোরান (এল সালভাদর)

সহকারী রেফারি: আন্তোনিও পুপিরো (হন্ডুরাস)

চতুর্থ কর্মকর্তা: গ্লেন নিয়বার্গ (সুইডেন)

রিজার্ভ সহকারী রেফারি: মাহবোদ বেইগি (সুইডেন)

বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে সেমিফাইনালে উঠলেও স্পেনের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে নয়। দুই দলের সর্বশেষ ১০ দেখায় স্পেন জিতেছে ৭টি ম্যাচ, ফ্রান্সের জয় মাত্র ২টিতে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

সব মিলিয়ে দুই দলের ৩৮টি মুখোমুখি লড়াইয়ে স্পেনের জয় ১৮টি, ফ্রান্সের ১৩টি এবং ড্র হয়েছে ৭টি ম্যাচ।

এই পরিসংখ্যান বদলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে ফ্রান্স। অন্যদিকে সাম্প্রতিক আধিপত্য ধরে রেখে আরেকটি জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে মরিয়া স্পেন।