ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩
ময়মনসিংহে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২১ জুলাই) নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর জুবিলীঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার আব্দুল মোতালেবের মেয়ে শীলা (২৫) ও শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা (৩৫)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দেবরাজ ঘোষ মারা যান। এ সময় অটোচালকসহ আরও তিন নারী আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শীলা ও আবেদাকে মৃত ঘোষণা করেন।
অপর নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
এসআই খালিদ বলেন, একটি লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে দুই নারীর লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Nayeem