ম্যাচ জিতে প্রতিক্রিয়ায় যা বললেন লিটন

ম্যাচ জিতে প্রতিক্রিয়ায় যা বললেন লিটন

প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ। ১২ বল হাতে রেখেই ১৮৩ রানের লক্ষ্য অর্জন করে টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টাইগারদের ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল কিউইরা। টি-টোয়েন্টিতে এতো রান তাড়া করে টাইগারদের জয় হাতে গোনা।

নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার। সুবিধা করতে পারেননি লিটন কুমার দাসও। এরপর দুই জুটিতেই কঠিন ম্যাচ সহজ করে জিতে নেয় স্বাগতিকরা।

জয়ের পর ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘এই মাঠে ১৮০+ অনেক বড় সংগ্রহ। উইকেট অত সহজ ছিল না। কিছুটা মন্থর গতির উইকেট ছিল। পাওয়ারপ্লেতে বড় রান পেলে তাড়া করা সহজ হয়ে যেত। তবে মাঝের ওভারে ইমন, হৃদয় এবং শামীম যেভাবে ব্যাট করেছে, তাতে আমাদের জয় সহজ হয়ে গেছে। ব্যাট করাটা দেখতে সোজা লাগলেও আসলে সহজ ছিল না।’

‘হ্যাঁ অবশ্যই, দারুণ শুরু। ভালো ম্যাচ ছিল, যেভাবে আমরা ব্যাট করলাম। বিশেষ করে হৃদয় ম্যাচটা বের করে নিল। তা সত্যিই প্রশংসনীয়। হৃদয় এবং ইমন দারুণ ছিল, শামীমও দারুণভাবে ফিনিশ করল।’

ম্যাচসেরা তাওহীদ হৃদয় বলেন, ‘হ্যাঁ, খুব ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য। যখন রান আসছিল না, আমি ম্যাচের পরিস্থিতি নিয়ে ভাবছিলাম। সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের রান প্রয়োজন ছিল। এ কারণেই আক্রমণ করেছি।’